রংপুরে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে পরিবেশ সচেতনতা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:০৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি।
সোমবার দুপুরে লার্নিং অ্যাসিলারেশন-এর আয়োজনে রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং পরিবেশ রক্ষায় প্রত্যেক শিশুকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মিজু বলেন, “জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি শিশু যদি একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে আগামী দিনে দেশ আরও সবুজ ও নিরাপদ হবে।”
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা সক্রিয়ভাবে অংশ নেন।
