৬ মাস ধরে বন্ধ হোসেনপুরের বেইলি ব্রিজ, দুর্ভোগে জনসাধারণ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বেইলি ব্রিজ ডেবে যাওয়ায় প্রায় ৬ মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার পথচারী ও যানবাহন ব্যবহারকারী। তাই জরুরি ভিত্তিতে বেইলি ব্রিজ সংস্কারের পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীসহ সচেতন মহল।

জানা যায়, গফরগাঁও থেকে হোসেনপুর বাজার হয়ে কিশোরগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম যাওয়ার গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত ৯ জানুয়ারি গভীর রাতে অধিক পণ্যবোঝাই একটি কয়লাবাহী ট্রাক পারাপারের সময় ব্রিজের একপাশ দেবে গিয়ে পাটাতন আলাদা হয়ে যায়। বর্তমানে ব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারণক্ষমতার অধিক মালামাল নিয়ে একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় বিকট শব্দে একদিকের অংশ নিচে নেমে যায়। এতে লোহার পাটাতনগুলো একটি থেকে অন্যটি বিচ্ছিন্ন হয়ে ফাঁক তৈরি হয়েছে। অন্ধকারে কোনো যানবাহন এটি অতিক্রম করতে গেলে প্রাণহানির মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আপাতত এ ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি বেইলি ব্রিজ দিয়ে চলাচল না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুস সালাম জানান, এ ব্রিজটি অতিদ্রুত সংস্কার করা না হলে হাজার হাজার পথচারীর জন্য বড় সমস্যা তৈরি হবে। এছাড়া চর বিশ্বনাথপুরে একটি নির্বাচনী ভোটকেন্দ্র রয়েছে। সেটির কার্যক্রম পরিচালনাতেও সমস্যা দেখা দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, বিষয়টি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসন ও সড়ক-জনপথ বিভাগের প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শন করে ব্রিজটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করা হয়েছে।