আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাতের মেহেদির রঙ এখনো পুরোপুরি মুছে যায়নি। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আলমডাঙ্গার নববিবাহিত যুবক মজনু (২৭)। নিহত মজনু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের নিজাম উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিতে সোমবার রাতে আলমডাঙ্গা বাস টার্মিনালে যান মজনু। ভাইকে বাসে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আনন্দধাম ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছালে সড়কে পড়ে থাকা পাথরের ওপর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পিছলে যায়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা নিজাম উদ্দীন জানান, প্রায় এক মাস আগে কুষ্টিয়া জেলার ইবি থানার ধুলি শ্রীপুর গ্রামে পারিবারিকভাবে মজনুর বিয়ে হয়। ওই বিয়েতে ছোট ছেলে পলাশ ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। সোমবার রাতে পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন মজনু।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ড্রেন নির্মাণকাজের জন্য সড়কের ওপর ফেলে রাখা পাথরের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে রাতেই থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
