পীরগঞ্জে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তর-এর অর্থায়নে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী এক বিশেষ সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনুরুদ্ধ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের মান ও দক্ষতা বৃদ্ধি করা, পণ্যের বহুমুখী ব্যবহার এবং আধুনিক বিপণন কৌশলে দক্ষ করে তোলা। এছাড়া পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পীরগঞ্জে স্থানীয় কামার, কুমার, নাপিত ও মুচিসহ বিভিন্ন প্রান্তিক পেশার ২০ জনকে এই সফট স্কিলস কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।
