অপপ্রচারের বিরুদ্ধে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বহিষ্কৃত যুবদলের যুগ্ম আহ্বায়ক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা এভিশন-এর কথিত সাংবাদিক পরিচয়ধারী জাকির হোসেন শামীম উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগও প্রমাণিত হলে দল যে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন। তবে অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংবাদিক সংগঠন ও প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাদের ছবি ও নাম অনুমতি ছাড়া ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানান।
এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান উপজেলা বিএনপির সভাপতি।
