বিরলে খাড়ি পুনঃখননে সেচ সুবিধা বাড়ছে, কমবে জলাবদ্ধতা
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় নোনা খাড়ি পুনঃখনন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের ফলে স্থানীয় কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আশা করছেন এলাকাবাসী। নির্ধারিত সময়ে মানসম্মত কাজ উপহার দিতে নিয়মিত তদারকি করছে স্থানীয় প্রশাসন।
ফসলের মাঠে পানির নিশ্চয়তা আর গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন—অবহেলিত এক জনপদে এখন বইছে স্বস্তির বাতাস। দিনাজপুরের বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া স্থলবন্দর হতে উত্তরে বোচাগঞ্জ সীমানা পর্যন্ত বিস্তৃত এই নোনা খাড়ি। দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি প্রায় মৃত হয়ে পড়েছিল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। ২৩ লাখ ৩৯ হাজার ২৬৬ টাকা বরাদ্দের এই প্রকল্পে শুধু খাল খননই নয়, পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে ড্রেন ও কালভার্ট। খালের স্থায়িত্ব বাড়াতে পাড়ে লাগানো হচ্ছে ঘাসের চামড়া ও বৃক্ষ।
কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় উচ্ছ্বসিত স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তারা বলছেন, এই খাড়ির কারণে এবার শুষ্ক মৌসুমেও মিলবে সেচের পানি, আর বর্ষায় দূর হবে জলাবদ্ধতা।
তাদের ভাষ্য, “এই খালটা খনন হওয়াতে আমাদের খুব উপকার হইছে। আগে পানি পাইতাম না, আবাদ করতে কষ্ট হইতো। এখন ড্রেন আর কালভার্ট হওয়ায় যাতায়াত এবং চাষাবাদ—দুইটাই সহজ হবে।”
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, “আমরা নির্ধারিত সময়ে মানসম্মত কাজ উপহার দিতে নিয়মিত তদারকি করছি। গত ৩ মে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কাজ প্রায় শেষ। আমরা আশা করছি, স্থানীয় মানুষ এর শতভাগ সুফল পাবেন।”
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে গ্রামীণ জনপদের উন্নয়ন ও অতিদরিদ্রদের কর্মসংস্থান। ২৩ লাখ ৩৯ হাজার টাকার এই প্রকল্পে খাল খনন, ড্রেন ও কালভার্ট নির্মাণসহ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে।
গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই ধরনের প্রকল্প টেকসই ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
