ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের বিশেষ সভা

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৭:৪০ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আরিফুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর বিষয়েও তারা একমত পোষণ করেন।

আসন্ন বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জননিরাপত্তা রক্ষায় কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও সভায় সতর্ক করা হয়।