কেন্দ্রীয় ৪ যুবদল নেতাকে সংবর্ধনা দিল মতলবের নেতাকর্মীরা
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮:০৫ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৪ নেতা স্থান পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন মতলব দক্ষিণের স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ জুন) বিকালে মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদল এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন সরকার শাওন ও সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন-এর সভাপতিত্বে এবং মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান মিয়াজী, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, মতলব দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের চার নেতাকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধিত অতিথি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করে দল ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে সচেষ্ট থাকব। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যুবদলকে সুসংগঠিত করতে কাজ করে যাব।”
সংবর্ধিত অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, “বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করে। দলের দুর্দিনে যারা ছিলেন, তারা অবশ্যই মূল্যায়ন পাবেন। যারা মাদক ব্যবসা, ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসর এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের কাউকে যুবদলে স্থান দেওয়া হবে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরাই যুবদলে স্থান পাবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞ এবং দলের জন্য সর্বোচ্চ কাজ করে যাব।”
