সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগে ২ তদন্ত কমিটি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০:৫৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি বিভাগে অনিয়মের ঘটনায় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি ইতোমধ্যেই তদন্তকাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রায় ১৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বরাদ্দ দেওয়া হয়।

সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ সরকারি বিধিমতে ১৫ জুন থেকে এসব চারা বিতরণ ও রোপণ শুরু করে।

এরমধ্যে কামারখন্দ উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন-এর বিরুদ্ধে চারা বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি চারা বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা দিয়েছেন।

তবে সরকারি বিধিতে বলা হয়েছে, কৃষক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৫টি করে গাছ বিতরণ করতে হবে এবং প্রতিটি গাছ রোপণে ১৫০ কেজি জৈব সার ও ১টি করে বাঁশের লাঠি দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে তিনি এমন অনিয়মের আশ্রয় নেন।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক অফিস আদেশে ওই কৃষি অফিসারকে খাগড়াছড়িতে বদলি করা হয়।

এ ঘটনায় কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে সিরাজগঞ্জ জেলা প্রশাসক এডিএম-কে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালকের (বগুড়া অঞ্চল) নির্দেশে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে প্রধান করে আরও একটি ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির অপর দুই সদস্য হলেন পাবনা ও জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মনজুরে মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।