সিরাজগঞ্জে চিপস কারখানায় যৌথ অভিযান, জরিমানা ১ লাখ ৬০ হাজার

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১:২৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুইটি চিপস ও দই তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় অবস্থিত দুইটি চিপস কারখানায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।

ওই অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে চিপস তৈরিতে কৃত্রিম রং ব্যবহার, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ফাতেমা চিপসের মালিক লিটন হোসেন-কে ৭০ হাজার টাকা এবং মেসার্স নুরনবী চিপসের মালিক নুরনবী-কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে ক্ষতিকর নিষিদ্ধ রং ও রাসায়নিক ব্যবহার করে চিপস উৎপাদন না করার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, ওইদিন বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার সংলগ্ন মিষ্টি ও দই তৈরির প্রতিষ্ঠান মেসার্স জয়া দধি মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে দই, মিষ্টি ও ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিক শ্রী কৃষ্ণ-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। এ সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য, র‍্যাব এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।