নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের নিচে মিলল বৃদ্ধের মরদেহ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৫:২৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ মিলেছে বাড়ির পাশের রান্নাঘরের নিচে। সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় ২৩ মে আওলাদ হোসেনের ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আটককৃতরা দায় স্বীকার করেছেন।
