চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের মাছপট্টি এলাকা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টার দিকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা শহরের রেলস্টেশন রোড এলাকার মাছপট্টি নামক স্থানের বিদ্যুতের খুঁটির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান এলাকাবাসী। এরপর তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন এবং বালতির পানিতে চুবিয়ে রাখেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি বোমাসদৃশ বস্তু। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত বিষয় জানা যাবে।
দুষ্কৃতিকারীরা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে যেতে পারে বলেও তিনি জানান।
