পাবনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৮:৩০ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনায় শ্বশুরবাড়িতে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ডোবার পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. তাইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী মোছা. আশা খাতুন (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্যালক মো. আলম (৩০)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাইজুল ইসলাম কয়েকদিন আগে স্ত্রী আশা খাতুনকে নিয়ে কুচিয়ামোড়া গ্রামে শ্বশুর আবুল চৌকিদারের বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ির পাশের একটি ডোবা থেকে মাছ ধরার উদ্দেশ্যে শ্যালক আলমকে সঙ্গে নিয়ে একটি বৈদ্যুতিক পাম্প বসান। পানি সেচ দেওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক পাম্পের তারে লিকেজ হয়ে পুরো ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
সন্ধ্যা নামলে বিষয়টি সম্পূর্ণ অজানা থাকায় তাইজুল, তার স্ত্রী আশা খাতুন এবং শ্যালক আলম মাছ ধরার জন্য ওই ডোবার পানিতে নামেন। পানিতে নামামাত্রই তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পরপরই প্রতিবেশীরা ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্বামী-স্ত্রী দুজন মারা যান। শ্যালক আলম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
