সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজারের (জিএম) অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সরকারি সম্পদ আত্মসাৎ ও গ্রাহক হয়রানির অভিযোগে বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক সোলাইমান, মোছা. সুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইনউদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন ও মনসুর প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওই পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. নুরুল হুদা-এর বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, গ্রাহকদের হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রায় সাড়ে ৩ হাজার নষ্ট বিদ্যুৎ মিটার পরিবর্তন না করে গ্রাহকদের কাছ থেকে গড় বিল আদায় করা হচ্ছে। এছাড়া একই সময় থেকে নতুন আবাসিক বিদ্যুৎ সংযোগ কার্যত বন্ধ রয়েছে। অফিসে পর্যাপ্ত মিটার মজুত থাকা সত্ত্বেও ‘মিটার নেই’ অজুহাতে নতুন সংযোগপ্রত্যাশীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ট্রান্সফরমার বিকল হলে তা পরিবর্তনে ৭ থেকে ১০ দিন পর্যন্ত সময় নেওয়া হচ্ছে। এতে হাজারো গ্রাহক দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগে পড়ছেন।

এর আগে গত ১১ জুন একই দাবিতে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে আবারও মানববন্ধন করতে হয়েছে।

মানববন্ধনে সমিতির আওতাধীন উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর ও খুকনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।