যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ব্যবসায়ীরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের আকতার হোসেনের ছেলে বাবু মিয়া (৩৫) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মধুঘাট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের ছেলে শাহজামাল (৩০)।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় যমুনা নদীতে ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।