রংপুরে জেলা পরিষদের ১৬৭টি প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় জেলা পরিষদের মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় গৃহীত উন্নয়নমূলক ১৬৭টি প্রকল্পের মধ্যে পিআইসি প্রকল্পে ২ কোটি ৯ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে রংপুর জেলা পরিষদ কনফারেন্স রুমে জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দপত্র বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক ভরসা-সহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং প্রকল্প গ্রহণকারী বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একান্ত সহযোগিতায় আজকের এই প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করলাম, যা রংপুরে নজিরবিহীন কাজ করবে। এর আগে এসব প্রকল্পে দুর্নীতি করা হয়েছিল। আমরা সেই দুর্নীতিকে পেছনে ফেলে আলোর পথে হাঁটার কাজ শুরু করেছি। পাশাপাশি আমরা মানুষের সহযোগিতায়ও কাজ করছি। বৃক্ষরোপণ করছি। বিভিন্ন দিবসে জেলা পরিষদ থেকে অসহায়-দুস্থদের খাবারের ব্যবস্থা করছি। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সোনার বাংলাদেশ গড়তে চাই।”

এ সময় নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, “উন্নয়নের কাজের ক্ষেত্রে আমাদের কোনো কর্মকর্তা যদি অনিয়ম করেন বা অনিয়মের পথ বেছে নেন, তবে সরাসরি আমাকে জানাবেন। আমি যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারি, তবে প্রশাসক মহোদয়কে জানাবেন। আপনারাও কাজের ক্ষেত্রে স্বচ্ছ থাকবেন। আমরা সকলের সহযোগিতায় কাজ করতে চাই।”

উল্লেখ্য, জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি বরাদ্দের পরিমাণ ৫৯ লাখ টাকা এবং লেসকৃত/সাশ্রয়কৃত ১৫০ লাখ টাকাসহ মোট বরাদ্দ ২ কোটি ৯ লাখ টাকা।

মোট গৃহীত প্রকল্প ১৬৭টি। এর মধ্যে পিআইসি প্রকল্প ৬৮টি এবং টেন্ডার প্রকল্প ৯৯টি।