জীবননগরে নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে আল মামুন (৩০), আহমদ আলী খোকন (৩৫), আব্দুল মমিন (৪০) ও সবুজ (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
গ্রেপ্তারকৃত আল মামুন উপজেলার বেনীপুর গ্রামের শফি মণ্ডলের ছেলে, আহমদ আলী খোকন একই উপজেলার হরিহরনগর গ্রামের মৃত মোবারক মণ্ডলের ছেলে, আব্দুল মমিন একই গ্রামের মৃত মহি বিশ্বাসের ছেলে এবং সবুজ উপজেলা শহরের কলেজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
