ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেছে ১ নবজাতক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৫:১৭ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা গেছে। জীবিত চার নবজাতক ও তাদের মা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর লেবার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলা-র ভবকদিয়া গ্রামের বাসিন্দা মোছা. চাঁদনী আক্তার, স্বামী মো. হাসান শেখ। প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।

জন্মের পরপরই নবজাতকদের মধ্যে একজন মারা যায়। অপর চার নবজাতককে হাসপাতালের নবম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও জীবিত চার নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।