জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ আটক ২
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালি থেকে ২৩১ বোতল ভারতীয় স্কাফসহ খাদিজা (৫০) ও নুরুল ইসলাম (২৫)-কে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত খাদিজা উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের আলেকের স্ত্রী এবং নুরুল ইসলাম একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রুহুল কবীর খান-এর নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী ধোপাখালি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ২৩১ বোতল স্কাফসহ তাদের আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। সকাল ১০টার দিকে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
