মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৮:০৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মাদক নির্মূলের লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। দেওয়া হচ্ছে বিভিন্ন দিকনির্দেশনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন স্থানে ৪৬টি মাদকবিরোধী আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাদকের কুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে চলতি বছরের ১৮ মে মুন্সীগঞ্জ জেলার প্রত্যেক উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী বন্ধন ও আলোচনা সভা করা হয়।

উল্লিখিত সময়ে মাদকবিরোধী স্লোগান সম্বলিত লিফলেট ১০,৯২৮টি, কলম ২,৭৩২টি, জ্যামিতি বক্স ১,০৩০টি, স্কেল ২,৭৩২টি, খাতা ৮৭০টি, স্কুল ব্যাগ ৭২টি এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্টিকার ১৫২টি বিতরণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ কর্তৃক জানা যায়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৮৫৮টি অভিযান পরিচালনা করে ২৯০টি মামলা দায়ের করা হয়েছে।

এতে উদ্ধারকৃত আলামতের পরিমাণ— গাঁজা ৪৯ কেজি ২০৫ গ্রাম, ইয়াবা ৩৪,৯৯২ পিস, ফেন্সিডিল ১০৯ বোতল, বিয়ার ১৪৬ ক্যান, বিলাতি মদ ৪ লিটার, দেশীয় তৈরি শর্টগান ২টি, লিডবল কার্তুজ ১টি, পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ২টি এবং জব্দকৃত বাংলাদেশি বিভিন্ন মুদ্রা ৫৪ হাজার ৯০০ টাকা।

জনবল সংকটের মধ্যেও অত্র কার্যালয় কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী অভিযান এবং গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর।

তিনি বলেন, মুন্সীগঞ্জে অবৈধ মাদকের প্রবাহ রোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রয়োজন।

জনবল সংকটের মধ্যেও আমরা মুন্সীগঞ্জে সাধ্য অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। গণসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও অব্যাহত রয়েছে।