১০ টাকার চাঁদাকে কেন্দ্র করে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনুল মিয়া নামের এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘ দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে শাহিন মিয়াকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করতেন।
গত ১৭ মে রোববার বিকেলে অটোরিকশাচালক মুমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মুমিনুল মিয়া জানান, তিনি তাকে এক দফা টাকা দিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
পরে শাহিন মিয়া তার লোকজনকে নিয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে লাঠি দিয়ে অটোচালকের মাথায় আঘাত করা হয়। এতে মুমিনুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে ২০ মে বুধবার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অটোরিকশাচালক মুমিনুল মারা যাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিতে অটোরিকশাচালক মুমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
