নোয়াখালীর বেগমগঞ্জে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৫

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২০:৫৮ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর হাওলাদার বাড়ির আব্দুর রহিমের ছেলে মো. জুনায়েদের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে প্রবাসী সুজন ও পারভেজ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানা-এ দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন আনুমানিক রাত ১২টার দিকে অভিযুক্ত সুজনের ওপর মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে আহত করে। তার চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় ইউপি সদস্য সেলিমকে ঘটনা জানানো হয়।

এ সময় প্রতিবেশী হিসেবে ঘটনাস্থলে যান ভিকটিম জুনায়েদ। সেখানে যাওয়া মাত্র তাকে সন্দেহ করে সুজন মেরে ফেলার হুমকি দেন। তখন সুজনের ভাই আনোয়ার পারভেজ তার ওপর অতর্কিত হামলা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা স্ব স্ব আত্মীয়দের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসার জন্য ভর্তি করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর কিছু সময় আগে অভিযুক্ত আনোয়ার পারভেজের বাড়িতে কিছু মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। প্রতিবেশী হিসেবে জুনায়েদসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে হঠাৎ আনোয়ার পারভেজের ছোট ভাই প্রবাসী সুজন তাকে মেরে ফেলার হুমকি দেন।

একপর্যায়ে আনোয়ার পারভেজ পিছন থেকে এসে হাতে থাকা লোহার টর্চলাইট দিয়ে স্থানীয় ইউপি মেম্বার মো. সেলিমের সামনে জুনায়েদের মাথায় আঘাত করেন। এতে জুনায়েদের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। তার স্বজনসহ দুপক্ষের মোট ৫ জন রাতে অন্ধকারে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় কিছু সংবাদমাধ্যমে জুনায়েদের নাম উল্লেখ করে কিছু মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংঘটিত ঘটনার বিষয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সেলিমসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।

এছাড়া স্থানীয়দের দাবি, জুনায়েদ কিশোর গ্যাং কার্যক্রমের সঙ্গে জড়িত নন। বরং অভিযুক্ত পারভেজ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জুনায়েদকে কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িত উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানান তারা।

অভিযুক্ত আনোয়ার পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু মুখোশধারী ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায়। হামলার কিছু সময় পর জুনায়েদ তাদের বাড়িতে আসেন। তাদের সন্দেহ জুনায়েদের ওপর। জুনায়েদকে কেন্দ্র করে পরবর্তী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা-র ওসি মো. শামসুজ্জামান জানান, হামলার ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।