রংপুরে জুয়া খেলার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:৩৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৩ জুলাই) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল নগরীর মাতৃসদনের সামনে উন্মুক্ত মাঠে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে প্রকাশ্যে জুয়া খেলার আসর বসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১৩-এর মুখপাত্র জানান, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
