মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বের হয়ে আর গন্তব্যে পৌঁছানো হলো না চাচি-ভাতিজির। পথে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা দুজন। এ ঘটনায় ভ্যানচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড এলাকার মোড়লকান্দি মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবচর উপজেলার জিনার গেট মাদবরকান্দি এলাকার হারুন মাদবরের ৯ বছর বয়সী মেয়ে আয়শা এবং একই এলাকার খায়রুল মাদবরের স্ত্রী মাহিমা আক্তার (৩৫)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।

আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক লিটন (১৯)। তিনি শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকার হায়দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিবচর থেকে কুতুবপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ম ১১-৫৮৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়শা ও মাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভ্যানচালক লিটনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজন যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় উভয় যানবাহনই দ্রুতগতিতে চলছিল। তাদের ধারণা, অতিরিক্ত ও বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।