ঈশ্বরদী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে এমপি আবু তালেব মন্ডল
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “জনদুর্ভোগ কমাতে দ্রুত ভাঙাচোরা সড়ক মেরামত করা হবে।”
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন ভাঙাচোরা সড়ক ও চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এ কথা বলেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা মোড় পর্যন্ত টিপু সুলতান সড়ক, বাইপাস স্টেশন সড়ক, ইস্তা-ভেলুপাড়া সড়ক, শহীদ আমিনপাড়া সড়ক, অরণকোলা পশুহাট সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং পৌরসভার বর্জ্য নিষ্কাশন ডাম্পিং এলাকা পরিদর্শন করেন।
ভাঙাচোরা সড়কগুলো ঘুরে দেখে স্থানীয়দের উদ্দেশে এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়কের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”
এ সময় তিনি অরণকোলা পশুহাট সড়কের নির্মাণাধীন ড্রেনেজ কাজের মান সরেজমিনে নিজ হাতে পরিমাপ করে তদারকি করেন। কাজ সরকারি সিডিউল ও নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, পৌরসভার প্রধান প্রকৌশলী প্রবীর কুমার, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, সেক্রেটারি মাওলানা আল আমিন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
