জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৬:০৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাখিভ্যানচালক রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজপাড়ার মহিউদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু পাখিভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে পাখিভ্যানচালক রিপন হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

মো. সোলায়মান শেখ, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।