সাটুরিয়া বাসস্ট্যান্ডে নাইট্রোজেন গ্যাসের বিস্ফোরণ, আহত ১

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস বহনের সময় বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার মোবাইল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার ‘মোল্লা ফার্মেসি’ থেকে ৪০০ টাকা দিয়ে একটি সেভেন আপের প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস কেনেন আব্দুল খালেক। বোতলটি হাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি ও আঙুলে গুরুতর জখম হয়। স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক বলেন, ‘অসহ্য গরম থেকে বাঁচতে শরীর ঠান্ডা করার জন্য ওই দোকান থেকে গ্যাসটি কিনেছিলাম। কিন্তু প্লাস্টিকের বোতলে এটি বহন করা যে এত ঝুঁকিপূর্ণ, তা আমার জানা ছিল না।’

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোর্তজা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে—এটি আসলেই বিস্ফোরণ, নাকি অন্য কিছু। এদিকে, একটি সাধারণ ফার্মেসিতে উচ্চচাপের নাইট্রোজেন গ্যাস কীভাবে এবং কেন খোলা প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, সে বিষয়টিও থানা পুলিশ খতিয়ে দেখছে।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, বিস্ফোরণে ওই যুবকের ডান হাতে গভীর ক্ষত হয়েছে। তার চিকিৎসা চলছে।