রংপুর থেকেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২১:৪১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১০–১২ সপ্তাহের মধ্যে রংপুর নগরীসহ দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
শনিবার (৪ জুলাই) রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে রংপুর বিভাগের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পেলেও উপকারভোগী নির্বাচন নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে করা হবে। এজন্য প্রথমে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পরে প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
সংগৃহীত তথ্য কম্পিউটারভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব ধরনের আর্থিক সহায়তা বর্তমানে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। ফ্যামিলি কার্ডের আওতায় প্রদত্ত অর্থও সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং জনসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সারাদেশে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট মাঠপর্যায়ে সেবা প্রদান করছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের বিনাসুদে ঋণও প্রদান করা হচ্ছে।
একই সঙ্গে তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কেউ যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়াতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। অতীতে সংঘটিত দুর্নীতির ঘটনাগুলোও দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনাসভায় সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব-সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের করের টাকায় বেতন নিয়ে সাধারণ মানুষকে যথাযথ সেবা না দিয়ে দায়িত্বে গাফিলতি করলে তা কোনোভাবেই বরদাশ্ত করা হবে না।
