দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর জিরো পয়েন্ট এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও সতর্কতার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবি-কে খবর দেন। পরে ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরীক্ষা শেষে এটি প্রকৃতপক্ষে কী এবং পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি সতর্কতাও দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় না করার এবং সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।