চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক, সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকা থেকে মাদকসহ আব্দুর রশিদ (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করার পর সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় এ রায় দেন আদালতের বিচারক লাবনী নাসরিন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর (সিন্দুরিয়া) গ্রামের জয়নাল আবেদিন-এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান-এর নেতৃত্বে কুতুবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খুরশিদ আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুবপুর-দশমাইল সড়কের পাশ থেকে আব্দুর রশিদকে গাঁজাসহ আটক করেন।

পরে তাকে রোববার বিকেলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সংক্ষিপ্ত বিচার আদালত) সামনে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদকে রাতেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।