রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ব্যবহার, বহিষ্কার ৩

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বহিষ্কৃত তিন পরীক্ষার্থী পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে তারা মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে বিষয়টি আসে। পরে পরীক্ষার বিধি অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

পাংশা মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের সময় তিন পরীক্ষার্থীকে হাতেনাতে শনাক্ত করেন। পরে পরীক্ষার নিয়ম অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।