জাতীয় পল্লী উন্নয়ন দিবসে রংপুরে আলোচনা সভা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮:৩০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রংপুরে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আজকের দিবসের মূল দর্শন হচ্ছে ‘আমি নই, আমরা’। এই সামষ্টিক চেতনাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবেই দেশের গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের প্রকৃত ভাগ্যোন্নয়ন সম্ভব।
দেশের অতীত ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, অতীতে এ দেশের মানুষকে অনাহারে-অর্ধাহারে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু আজ বাংলাদেশ সেই অবস্থানে নেই; দেশ এখন ট্রিলিয়ন ডলারের এক উদীয়মান অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে।
তিনি জাতিসংঘ-এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ অর্জনে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে গ্রামীণ রূপান্তরের লক্ষ্য নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
পল্লী উন্নয়নের সুফল তুলে ধরে তিনি বিআরডিবি থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়া সফল নারীদের উদাহরণ দেন। বিভাগীয় কমিশনার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাউকে পেছনে না রেখে সবাইকে সঙ্গে নিয়ে গ্রামীণ জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম, বিআরডিবি রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সহিদুর রহমান সুমন, বিআরডিবি রংপুরের উপপরিচালক মোছা. নুরেলা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা বিআরডিবির সুফলভোগী সদস্যদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।
এর আগে, দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।
