সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্তের খোঁজে পুলিশ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০:২০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাইফুল ইসলাম, শাহজাদপুর থানার ওসি, এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বাড়ির ছোটখাটো কাজের জন্য মাঝেমধ্যে শিক্ষার্থীদের বাড়িতে ডেকে আনতেন। এ সুযোগে শিক্ষিকার অজান্তে তার স্বামী, গ্রাম্য ডাক্তার রফিকুল ইসলাম (৪৮), শিক্ষার্থীদের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখাতেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন।
একপর্যায়ে গত ২৮ জুন ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে কাজের কথা বলে বাড়িতে ডেকে আনা হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষার্থীকে মুখে গামছা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে এ ঘটনা কাউকে না বলতে তাকে ভয়ভীতি দেখানো হয়।
শুক্রবার বিকেলে কৌশলে আবারও ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে শিক্ষার্থী রাজি না হলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অবশেষে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়।
ঘটনা জানার পর শিক্ষার্থীর পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং গ্রাম্য মাতব্বরদের বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ নারী-পুরুষ অভিযুক্তের বাড়িতে ভিড় জমান।
এ ঘটনায় গ্রাম্য মাতব্বরদের সহযোগিতায় রোববার রাতে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ মামলার অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। ওসি সাইফুল ইসলাম জানান, আশা করা হচ্ছে ২-১ দিনের মধ্যেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
