মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জনসেবা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর নুর কামাল-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে তিন্নি ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক তপন রায়-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
