গরুবোঝাই পিকআপকে বাসের ধাক্কা, পাকুন্দিয়ায় নিহত ৩

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০:৩৮ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনায় পিকআপে থাকা ৬টি গরুও মারা গেছে।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপের চালক একই গ্রামের খোকন (৩৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পিকআপের ভেতরে আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’