মাগুরায় ভিডাব্লিউবি প্রকল্পের প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় জীবনদক্ষতা ও আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং আর্স বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আওয়াল এবং শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সুশান্ত কুমার রায়, আর্স বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মো. মতিয়ার রহমান প্রমুখ।
প্রশিক্ষণে এ প্রকল্পে কার্যাদেশপ্রাপ্ত আর্স বাংলাদেশ কর্তৃক নিয়োজিত প্রশিক্ষকরা অংশ নেন।
