টাঙ্গাইলে প্রাইভেটকার কেড়ে নিল ভারসাম্যহীন নারীর প্রাণ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে নেকিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করে।

এ ঘটনায় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।