রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন আফরোজা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনের পাশাপাশি ফল সংরক্ষণ ও অপচয় রোধে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।
