কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়ালচাপায় শ্রমজীবী ব্যক্তির মৃত্যু

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকার মো. এখলাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মালেক (৪০) ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। তার নিজ বাড়ি পার্শ্ববর্তী পশ্চিম হলদিয়া গ্রামে হলেও জামবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সময় নিহত ব্যক্তি দুপুরের খাবার খেতে বসেছিলেন। এ সময় অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে মালেক দেয়ালচাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হননি।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাদের আয়-রোজগারের তেমন সুযোগ-সুবিধা ছিল না। দিনমজুরি করে সংসার চালাতেন মালেক।

জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।