ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল সহযোগীরা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। তবে ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পারভেজ বেপারীকে আটক করে ডিবি। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।

বিষয়টি জানাজানি হলে মাদক ব্যবসায়ীর সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটেন। এ সুযোগে ঘটনাস্থল থেকে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগীরা।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, গোয়েন্দা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পারভেজের কয়েকশ লোক জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পারভেজ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী পারভেজকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।