জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত থেকে একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপি ক্যাম্পের হাবিলদার সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/৬ এস পিলার থেকে ৩০০ গজ দূরে জসীম উদ্দীনের বাঁশবাগানে ওত পেতে ছিলেন।
এ সময় একজন চোরাচালানি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে ধাওয়া করলে তিনি একটি নেটের প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
