পূর্বের বিয়ের তথ্য গোপনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

স্ত্রীর বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাবেক নৌবাহিনীর সদস্য হুমায়ুন কবির। অভিযুক্ত নারগিস খাতুন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একজন শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হুমায়ুন কবির।
লিখিত বক্তব্যে হুমায়ুন কবির দাবি করেন, ২০২১ সালের ১৬ ডিসেম্বর নারগিস খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তবে কাবিননামায় নারগিস খাতুন তার পূর্ববর্তী বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন করেন। বিয়ের পর থেকে বিভিন্ন কৌশলে নারগিস খাতুন তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নেন।
পরিকল্পিতভাবে অর্থ ও সম্পদ আত্মসাতের পর হঠাৎ করেই হুমায়ুন কবিরকে একটি একতরফা তালাকনামা পাঠানো হয়।
সাবেক এই নৌবাহিনী সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতারণামূলক এ ঘটনার কারণে আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি এবং মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছি।”
তিনি আরও বলেন, বিয়ের তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং সম্পদ হাতিয়ে নিয়ে তালাক দেওয়ার মতো অপরাধমূলক প্রবণতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের কর্মকাণ্ডের কারণে অনেক পুরুষের জীবন ও পরিবার ধ্বংসের মুখে পড়ছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি শিক্ষিকা নারগিস খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
