দেবহাটায় পুলিশের অভিযানে চুরি মামলার দুই আসামি গ্রেফতার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের বিভিন্ন সরঞ্জামসহ ২ আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম-এর নির্দেশনায় এসআই (নিঃ) সঞ্জয় পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গত ৭ জুলাই দুপুর ২টার দিকে দেবহাটার পারুলিয়া বাজারে জনৈক বাবুর চায়ের দোকানের সামনে থেকে দেবহাটা থানার একটি চুরি মামলার আসামি ১. মাসুদ রানা (২৭), পিতা- বাবুল গাজী এবং ২. রাসেলুজ্জামান (২৮), পিতা- আজিজুর রহমান, উভয় সাং- গোদাঘাটা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামিদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক একই তারিখ রাতে অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা থানার কুসুডাঙ্গা এলাকার জনৈক আলামিন এবং ভান্ডারখোলা এলাকার আনিছুরের বাড়ি থেকে চোরাই ইজিবাইকের আলামত হিসেবে ব্যাটারি, কন্ট্রোলার, মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, দেবহাটা থানার একটি মামলার সূত্র ধরে আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিদেরকে আজ (৮ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
