ফরিদপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:৫৭ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

অনিয়ম, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো এবং জান্নাতুল সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে (ওটি) পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব, সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং প্রয়োজনীয় প্যাথলজিস্ট ও টেকনিশিয়ানের ঘাটতির প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিউ লাইফ জেনারেল হাসপাতাল-কে ১ লাখ টাকা এবং আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিক-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আবশ্যক সরঞ্জাম না থাকায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, লাইসেন্সবিহীন এবং সেবার নামে প্রতারণায় জড়িত ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।