আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৮:১৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত পলান উদ্দীন ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলান উদ্দীনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানী ইসরাইল, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।