টানা বর্ষণে পীরগঞ্জের ৭ গ্রাম প্লাবিত, ত্রাণ ও স্থায়ী সমাধানের দাবি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১:৪৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ভেলামারি বাংনিবিলের পানিতে সাতটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষণ ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় এলাকার স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন পাচকাউনি, জাহাঙ্গীরাবাদ, আমোদপুর কাজিপাড়া, পাইকান, নাইয়াপাড়া, কুলুবন ও মোজাফফরপুর গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পানি বেড়ে যাওয়ায় গ্রামের সড়ক, বসতবাড়ির আঙিনা, বিস্তীর্ণ কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ তলিয়ে গেছে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না। বিশুদ্ধ পানির সংকট, রান্নাবান্না, নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরাও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ভেলামারি বাংনিবিলের জলাবদ্ধতায় একই ধরনের দুর্ভোগ সৃষ্টি হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিল এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু হয়নি।
একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পানিবন্দী মানুষের দাবি, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, বন্ধ হয়ে যাওয়া খাল-নালা পুনঃখনন এবং প্রয়োজনীয় কালভার্ট সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানান তারা।
স্থানীয়দের ভাষায়, “প্রতিবছর একই দুর্ভোগের শিকার হচ্ছি। প্রশাসন আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। জনপ্রতিনিধিদেরও তেমন কোনো তৎপরতা নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
