চার দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ শনিবার
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর আড়াইটায় নগরীর রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
এছাড়া বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টি-এর চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে নেতারা সমাবেশ সফল করতে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।
