সিরাজগঞ্জে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:২৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর সবুজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রতনকান্দি গ্রামের রহিম সরকারের ছেলে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ (৩৩)। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শুক্রবার সকালে একই এলাকার হাসাকোলা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলাও রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছে বলে ওসি সাইফুল ইসলাম উল্লেখ করেন।