সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক সাধন কুমার হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন—সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জ্বল, রিকো, গোলাম ও টোকাই মনির। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাধন কুমারের সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসি দোকান ছিল। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে তিনি দোকান থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় শহরের মিরপুর বিড়ালা কুটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে আটক করে।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে টাকা ও সাইকেল ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ ওই ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।
