চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ আটক স্বামী-স্ত্রীর ১ বছর কারাদণ্ড
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কচাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ স্বামী আকের আলী (৬৫) ও স্ত্রী ফেরুজা খাতুনকে (৪০) আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আকের আলী মণ্ডল উপজেলার কচাডাঙ্গা গ্রামের মৃত হযরত আলী মণ্ডলের ছেলে। ফেরুজা খাতুন একই গ্রামের ইন্তাজ আলীর মেয়ে এবং আকের আলী মণ্ডলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখের নেতৃত্বে এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় স্বামী-স্ত্রীকে ৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে দুপুরে তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।
